‘বাঁচতে দেন, নয়তো গুলি করে মেরে ফেলেন’—গুলিবিদ্ধ ইকরামের স্ত্রী

‘বাঁচতে দেন, নয়তো গুলি করে মেরে ফেলেন’—গুলিবিদ্ধ ইকরামের স্ত্রী

‘প্রশাসনকে বলব, আমাদের বাঁচতে দেন। নয়তো গুলি করে মেরে ফেলেন।’ চট্টগ্রামে গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরামের স্ত্রী রুমা আক্তার স্মৃতি ওরফে সূচি এভাবেই নিজেদের চরম নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় শিক্ষা বোর্ডের পাশে ইকরাম গুলিবিদ্ধ হন। একসময়ের সন্ত্রাসী ‘বড় সাজ্জাদের’ সহযোগী হিসেবে পরিচিত ইকরাম পরবর্তী সময়ে ‘ছোট সাজ্জাদকে’ গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করেছিলেন। তাঁর স্ত্রীর অভিযোগ, বড় সাজ্জাদের অনুসারীরাই এই হামলা চালিয়েছেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে সূচি বলেন, তাঁর স্বামী ফরেস্ট গেট এলাকার বাসা থেকে নেমে দুপুর ১টার দিকে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। সে সময় বাসস্ট্যান্ড এলাকায় ওত পেতে থাকা ৭-৮ জন এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

সূচির দাবি, গুলিবিদ্ধ ইকরাম তাকে জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে বড় সাজ্জাদের অনুসারী রায়হান আলম, বিএনপির সাবের ও ইসমাইল ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিজেদের নিরাপত্তা নিয়ে ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে সূচি বলেন, প্রশাসন যেন তাঁদের বাঁচতে দেয়, তা না হলে তাঁদের গুলি করে মেরে ফেলা হোক। উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তার পর থেকেই এই দম্পতি বড় সাজ্জাদ ও তাঁর অনুসারীদের হুমকির কথা জানিয়ে আসছিলেন। ওই বছরের ২০ মার্চ সূচি পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে মামলা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এই গুলির ঘটনায় বড় সাজ্জাদের সরাসরি কোনো নির্দেশনা বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা এখনো তদন্তসাপেক্ষ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন