ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রতনপুর গ্রামে নিখোঁজ স্কুলছাত্র রাফিন তাহাসিনের (১৪) উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগে বুধবার সকালে শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী ও সহপাঠীরা। নিখোঁজ রাফিন তাহাসিন শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার রতনপুর গ্রামের মাহাফুজুর রহমানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় রাফিন। এরপর দীর্ঘ সময় ধরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় নিখোঁজের পরপরই শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে পরিবারের অভিযোগ, জিডি করার দেড় মাসের বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ রাফিনকে উদ্ধারে কোনো দৃশ্যমান পদক্ষেপ বা সহযোগিতা করেনি।
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা রাফিনকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

