বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া- নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাদের পরিচয়
শনাক্ত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে। লাশ উদ্ধারের পর তাদের পরিচয় সনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন মাহাতো জানান, পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে মটরসাইকেল দুটি হেফাজতে নিয়েছে। নিহত তিনজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রাও নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পারেনি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

