আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাটহাজারীর মেখল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

আট বছর ধরে ভাড়া ভবনে চলছে চিকিৎসাসেবা

খোরশেদ আলম শিমুল, হাটহাজারী (চট্টগ্রাম)

আট বছর ধরে ভাড়া ভবনে চলছে চিকিৎসাসেবা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে প্রায় আট বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ফলে স্থানীয়দের দেওয়া ভাড়ায় চলছে একটি ভবনে উক্ত ইউনিয়নের স্বাস্থ্যসেবা। এতে পুরোদমে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বিশাল এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা নিতে দুর্ভোগ পোহাচ্ছেন। এরমধ্যে মেখল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োজিত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আলী চৌধুরী চলতি বছরের ৬ জানুয়ারি এলপি আর এ চলে গেছেন। এতে করে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে পড়েছে।

স্বাস্থ্যসেবা কেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলার মেখল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ১৯৮৩ সালে নির্মিত হয়। ১২ বছর ধরে ভবনটি জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় । গত ১০ বছর পূর্বে জরাজীর্ণ ও পরিত্যক্ত মূল ভবন প্রসঙ্গে কেন্দ্রে নিয়োজিত তৎকালীন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আলী চৌধুরী ২০১৩ সালের ২২ মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি চিঠি প্রেরণ করেন। চিঠি পাওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ২০১৪ সালে পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই ভালোভাবেই প্রসূতি মা, শিশু ও বয়স্কদের চিকিৎসাসেবা দিয়ে আসছিল কেন্দ্রটি। ধীরে ধীরে ভবন দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কমতে থাকে জনবল ও সেবার মান।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, আশির দশকে নির্মিত সেবা কেন্দ্র ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়া, সিলিং ও বিম থেকে কংক্রিট ভেঙে পড়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি চিকিৎসকের আবাসিক ভবনের ছাদের টিন, দরজা, জানালাও ভেঙে গেছে।

পরে ২০২৪ সালে এ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এ সময় থেকেই কেন্দ্রটির কার্যক্রম স্থানীয় একটি ভাড়া ভবনে পরিচালনা হচ্ছে। তবে অস্থায়ী ভাড়ায় কেন্দ্রটির টাকা পরিশোধ করে যাচ্ছেন স্থানীয় জনসাধারণ।

এর মধ্যে কেন্দ্রটির যিনি সাপ্তাহিক তিন দিন দায়িত্ব পালন করতেন, সেই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আলী চৌধুরী চলতি বছরের ৬ জানুয়ারি এলপিআরে চলে গেছেন। এতে করে একেবারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পূর্ব মেখল এলাকার শাহাবুদ্দিন বলেন, আমাদের ইউনিয়নের পুরাতন স্বাস্থ্যকেন্দ্র এটি। এখানে মানুষ একসময় নিয়মিত স্বাস্থ্যসেবা পেত। বর্তমানে ভবনগুলো পরিত্যক্ত থাকার কারণে আগের মতো আর মানুষ স্বাস্থ্যসেবা নিতে পারছে না। অচিরেই ভবনগুলো নির্মাণ করে স্বাস্থ্যসেবা চালু করার জোর দাবি জানাচ্ছি।

স্বাস্থ্যকেন্দ্র এলাকার সমাজসেবক মোরশেদ বলেন, দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রটি পড়ে থাকায়, আমরা স্থানীয়রা পাশের একটি বিল্ডিং অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র আমাদের টাকায় ভাড়া নেওয়া হয়। সেই কেন্দ্রে স্বাস্থ্যসেবা চলছে।

হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মেখল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রসহ উপজেলায় আরো কয়েকটি কেন্দ্র ২০২৪ এ হওয়ার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত নতুন ভবন করার কোনো আদেশ পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন