সমাজের উন্নয়নে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

সমাজের উন্নয়নে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
চমেক প্রাক্তন ছাত্রসমিতির সভায় বক্তব্য রাখছেন সমাজকল্যাণ মন্ত্রী ছবি: আমার দেশ

সমাজকল্যাণ ও নারী এবং শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাধারণ মানুষের সবচেয়ে কাছে থাকার সুযোগ চিকিৎসকদের। তাই চিকিৎসা সেবার পাশাপাশি সমাজ উন্নয়নেও তাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, জনগণের আস্থা ও সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে চিকিৎসকরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে ভাটিয়ারি গল্ফ ক্লাব মিলনায়তনে ঈদ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের গণআন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে চট্টগ্রামের জনগণের অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মন্ত্রী বলেন, সরকার গঠনের সাড়ে চার মাসের মধ্যেই দারিদ্র্য বিমোচন ও দুর্নীতিমুক্ত পরিবেশ গঠনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) দেশব্যাপী চিকিৎসকদের শূন্যপদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সাইফুদ্দিন মো. তারিক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ডা. মো. ইফতেখারুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ডা. আশরাফুল কবির ভূঁইয়া, ডা. খুরশীদ জামিল চৌধুরী এবং ডা. তমিজউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম মেডিকেল কলেজের চার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস এবং অধ্যাপক ডা. মোহাম্মাদ আবুল ফয়েজ ।

চমেক প্রাক্তন ছাত্রসমিতি সভায় বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...