যশোরে কিল-ঘুসি মেরে এক ট্রাফিক কনস্টেবলের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। শনিবার সন্ধ্যার ঠিক আগে এ ঘটনা ঘটার পর ব্যস্ত সড়কটিতে চলাচলরত লোকজন অভিযুক্তকে ধরে পুলিশে দেয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিকেল ৬টার কিছু সময় পর যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম রওফে সবুজ (২৫) একজন সঙ্গীসহ একটি মোটরসাইকেল যোগে রেল রোডে ট্রাফিক পুলিশের অফিসের সামনে আসেন। সেখানে তিনি রাস্তার ধারে মোটরসাইকেলটি রেখে কাছেই কোনো কাজে যাচ্ছিলেন। ওই স্থানে ডিউটিরত ট্রাফিক পুলিশ কনস্টেবল কেএম শরিফুল ইসলামের নজরে পড়ায় তিনি কাছে গিয়ে শাওনকে মোটরসাইকেল রাস্তার ধারে না রাখার অনুরোধ করেন। কিন্তু শাওন তার কথা না মেনে সেখানে মোটরসাইকেল রেখে দিতে গোঁ ধরেন। এমনকি শাওন ‘ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও তাকে কিছু করতে পারবে না’ বলে হম্বিতম্বি করেন। একপর্যায়ে শাওন ও তার সঙ্গী কনস্টেবল শরিফুলের ওপর চড়াও হন। কিল-ঘুসি মেরে তাকে আহত করেন।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, আক্রান্ত কনস্টেবল শরিফুলের নাক দিয়ে রক্ত ঝরেছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, ঘটনার সময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন শাওনকে ধরে পুলিশে দেয়। আর তার সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন জানান, অভিযুক্ত শাওন ইসলামের বাড়ি শহরের ঘোপ এলাকায়। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আক্রমণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ৪।
যোগাযোগ করা হলে জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার সভাপতি রাজিদুর রহমান সাগর জানান, শাওন তাদের সংগঠনের সরকারি সিটি কলেজ শাখার সাধারণ সম্পাদক। তিনি আমার দেশকে বলেন, ‘শাওন অন্যায় করে থাকলে পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের কেউ কোনো অপরাধে যুক্ত হলে তাকে ছাড় দেওয়া হবে না।’
ছাত্রদল নেতা হিসেবে শাওনের আরও দায়িত্বশীল আচরণ করা উচিৎ ছিল বলে মনে করেন রাজিদুর রহমান সাগর।
যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী আমার দেশকে বলেন, ঈদের আগে সড়কে জটের কারণে মানুষজন চলাচল করতে পারে না। শহরে মানুষের চলাচল সহজ করতে সম্প্রতি বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাফিক পুলিশের সদস্য আক্রান্ত হবেনÑ এটা হতে পারে না।
‘অভিযুক্তের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, তা আমাদের কাছে বিবেচ্য নয়। ইতিপূর্বে তার বিরুদ্ধে কোনো অপরাধকর্মে যুক্ত থাকার অভিযোগ আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত এসপি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

