উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল।
ঘোষিত ফলাফল অনুযায়ী, হাঁস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৯ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট। ফলে ১৩ হাজার ৯৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ইকবাল। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৩৬৫ ভোট।
গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিকলী ও বাজিতপুর উপজেলার মোট ১১৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর মধ্যে নিকলীতে ৪৩টি এবং বাজিতপুরে ৭৬টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ও হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের মধ্যে। শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জয় ছিনিয়ে নেন স্বতন্ত্র প্রার্থী ইকবাল।
বিজয়ের প্রতিক্রিয়ায় শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘এ বিজয় নিকলী-বাজিতপুরের জনগণের বিজয়। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’
ফলাফল ঘোষণার পর তার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

