রথযাত্রায় বিমানমন্ত্রী রিতা

মানিকগঞ্জ ও সাটুরিয়ায় হবে দুটি মডেল মন্দির

মানিকগঞ্জ ও সাটুরিয়ায় হবে দুটি মডেল মন্দির
মানিকগঞ্জের কালীবাড়ি মন্দিরে বক্তব্যে দেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: আমার দেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানিকগঞ্জের মানুষ সব সময় ঐক্যবদ্ধ। এখানকার সম্প্রীতি ও সৌহার্দ্য অতুলনীয়। তিনি বলেন, আগামী দিনে সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে। মানিকগঞ্জ ও সাটুরিয়ায় দুটি মডেল মন্দির এবং শ্মশানঘাট নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ জেলা শহরের কালীবাড়ি মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, নির্বাচনের সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানিকগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে আমার পাশে ছিলেন। তাদের ভালোবাসার কারণেই আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি। ৫ আগস্টের পরও আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম। মানিকগঞ্জে কোনো ভেদাভেদ নেই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান- সবাই একসঙ্গে সম্প্রীতির বন্ধনে বসবাস করছি।

আফরোজা খানম রিতা বলেন, দীর্ঘ ১৭ বছর মানিকগঞ্জে ভালো কোনো মন্দির বা শ্মশানঘাট নির্মাণ হয়নি। বিভিন্ন স্থানে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে এসব সমস্যার কথা শুনেছি। তাই মানিকগঞ্জ ও সাটুরিয়ায় দুটি মডেল মন্দিরের পাশাপাশি শ্মশানঘাট নির্মাণ করা হবে। ভবিষ্যতে সনাতনী ভাইবোনদের সুবিধার্থে যা যা প্রয়োজন, সবই করা হবে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের ভোজের আয়োজনের জন্য তিনি ব্যক্তিগতভাবে এক লাখ টাকা অনুদান দেন।

মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জজকোর্টের পিপি আ ফ ম নুরতাজ আলম বাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহির আলম খান লদি, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদিন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট এবং পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন