ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ উত্তীর্ণ বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যে জরিমানা ধার্য হয়, তা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৫ অক্টোবর সরকার এই সিদ্ধান্ত নেয়।
বুধবার বাগদাদের বাংলাদেশ দূতাবাস গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, আদেশ অনুযায়ী যেসব বিদেশি নাগরিক বৈধভাবে ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন, কিন্তু কোনো কারণে তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারেননি অথবা সেগুলোকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি এবং যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা অনুযায়ী মোট বকেয়া জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।
দূতাবাস বলছে, এই ছাড় পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো একটি রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য মোট বকেয়া জরিমানার কেবল ২৫ শতাংশ প্রদান করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


