জমি নিয়ে বিরোধ, বাবাকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল ছেলের

জমি নিয়ে বিরোধ, বাবাকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল ছেলের

নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে বাঁচাতে গিয়ে চাচাতো ভাইদের হামলায় শাহিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মোকারম (৫০) ও তার ছেলে রাব্বি মিয়ার (১৬) বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন ওই এলাকার আওলাদ হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে আওলাদ হোসেন ও তার চাচাতো ভাই মোকারমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেলে বাড়ির পাশে ইটের স্তূপ থেকে ইট নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে মোকারম ও তার ছেলে রাব্বি দা নিয়ে আওলাদ হোসেনের ওপর হামলা করতে এগিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে শাহিন আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে খবর পেয়েছি, ইটের মালিকানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় শাহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা এখন নরসিংদী সদর হাসপাতালে আছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন