দেড় মাস পর লঞ্চঘাট থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্র উদ্ধার

দেড় মাস পর লঞ্চঘাট থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্র উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে নিখোঁজ হওয়ার দেড় মাসের বেশি সময় পর সাফায়েত ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মতলব উত্তরের ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টা ১০ মিনিটের দিকে মতলব দক্ষিণ উপজেলার ধনার পাড়া এলাকা থেকে নিখোঁজ হয় সাফায়েত। এ ঘটনায় তার বাবা সাবের ইসলাম ৮ সেপ্টেম্বর মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তা জাবির হুসনাইন সানীবের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারে অনুসন্ধান চালায়। এরই ধারাবাহিকতায় বুধবার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি পুলিশকে জানায়, পরিবারের সঙ্গে রাগ করে সে বাড়ি থেকে ঢাকায় চলে যায়। পরে ঢাকায় এক ব্যক্তির মাধ্যমে কাজের প্রলোভনে লঞ্চযোগে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন কাজ করার পর পালিয়ে ট্রেনে ঢাকার কমলাপুরে আসে সে। পরে নারায়ণগঞ্জ হয়ে মতলব উত্তরগামী লঞ্চে ওঠে। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে।

সাফায়েতের বাবা মো. সোহেল ও মা সাথী আক্তার বলেন, সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে তারা খুবই দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটিয়েছেন। বহু জায়গায় খোঁজাখুঁজি করেছেন। ছেলেকে ফিরে পেয়ে তাঁরা অনেক খুশি। তাদের সন্তানকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় মতলব উত্তর থানা পুলিশ, চাঁদপুরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তাঁরা।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ আন্তরিকভাবে কাজ করেছে। ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। প্রক্রিয়া শেষে ছেলেটিকে বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন