পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে জয়পুরহাট থেকে মাইক্রোবাসে বান্দরবানের লামায় যাচ্ছিলেন মা-মেয়ে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা জুট মিলের সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উঠে গেলে দুজন নিহত হন। এতে আহত হয়েছেন আরো চার যাত্রী।
নিহতরা হলেন রোজিনা আক্তার (৬০) ও তার মেয়ে নাজমা খাতুন (৪০)। তাদের বাড়ি জয়পুরহাট সদর পৌরসভা এলাকায়। রোজিনা আক্তার নজিবুর রহমানের স্ত্রী, নাজমা খাতুন আসলাম হোসেনের স্ত্রী।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল জানান, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উঠে গেলে দুর্ঘটনাটি ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

