১৬ বছর পর হচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন। ২০ আগস্ট কাউন্সিল ও সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জে কে গউছ।
তিনি জানান, ১১ আগস্ট জেলা বিএনপির বিশেষ সভায় কাউন্সিল ও সম্মেলনের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে। পৌরসভা মাঠে সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। সম্মেলন উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন সফল করতে ইতিমধ্যে বেশ কয়েকটি উপকমিটি এবং কাউন্সিলের জন্য দলের ১৭ জন দলীয় আইনজীবীদের সমন্বয়ে একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।
এদিকে গত মাসখানেক যাবৎ জেলা বিএনপিতে কে হচ্ছেন সভাপতি আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা।
সভাপতি হিসেবে শোনা যাচ্ছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জি কে গউছ, কেন্দ্রীয় বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তার, সাবেক এমপি শেখ সুজাত মিয়া।
সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
জানা গেছে, জেলা বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। সেই কাউন্সিলে সৈয়দ মো. ফয়সল সভাপতি ও জি কে গউছ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটি দীর্ঘদিন দায়িত্ব পালন করে। ২০১৯ সালে মো. আবুল হাশিমকে আহ্বায়ক এবং জিকে গউছসহ কয়েকজনকে যুগ্ম আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশিমকে বহিষ্কার করা হয়। এরপর থেকে জিকে গউছের নেতৃত্বে চলছে জেলা বিএনপির সকল কার্যক্রম।
এদিকে, দীর্ঘদিন পর জেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা তাদের পছন্দের নেতাকে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। ফেসবুকে বিভিন্ন পোস্টে নেতাদের বিগত দিনের আন্দোলন সংগ্রামের চিত্রও তুলে ধরছেন। ফলে কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীরা উৎফুল্ল ও উজ্জীবিত।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমানের নির্দেশে ও সুচিন্তিত পরিকল্পনায় হবিগঞ্জসহ সিলেট বিভাগের সব জেলায় দ্রুত কাউন্সিলের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। ২০ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলের দিন তারিখ নির্ধারিত হয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি।
তিনি জানান, জেলা বিএনপির ১৫টি ইউনিট ও ১১টি অঙ্গ সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ কাউন্সিলে প্রার্থী হতে চাইলে তাদের স্ব স্ব পদ থেকে পদত্যাগ করতে হবে। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, এই ৫টি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কাউন্সিল ও সম্মেলনের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

