বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

উপজেলা প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকায় আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের চালক ও সহযোগীরা মেশিন ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ড্রেজারটি জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনের নির্দেশে আত্রাই নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। তার ঘনিষ্ঠ এক ব্যক্তি কথিত ম্যানেজার সায়েমের তত্ত্বাবধানে ড্রেজারটি পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযানের সময় পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জব্দকৃত ড্রেজারটি পরবর্তীতে সংশ্লিষ্ট ইউপি সদস্য সোহেল রানার জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কাশেমসহ বীরগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাল্টাপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নানকে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে গত ১৩ এপ্রিল স্থানীয় কয়েকজন বাসিন্দা লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে, যার ফলে নদীর তীরবর্তী ঘরবাড়ি, ধর্মীয় স্থাপনা, সড়ক ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। ড্রেজিংয়ের কারণে সৃষ্ট গর্তে পড়ে অতীতে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযুক্ত চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন মুঠোফোনে জানান, সীমানা নির্ধারণ জটিলতার কারণে অনিচ্ছাকৃতভাবে কিছু এলাকায় বালু উত্তোলন হয়ে থাকতে পারে। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার কথা বলেন তিনি।

এ বিষয়ে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...