লালমনিরহাটে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ৭

উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)

লালমনিরহাটে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ৭

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আজিমা বেগম (৩৮) ওই গ্রামের বাসিন্দা এবং আব্দুস সুবহানের স্ত্রী।

বিজ্ঞাপন

জানা যায়, সন্ধ্যার দিকে বৃষ্টিপাত শুরু হলে কয়েক ব্যক্তি মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আজিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আরও সাতজন আহত হন।

আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ফকিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জালাল হোসেন জানান , বজ্রপাতে এক নারীর মৃত্যু এবং কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বৈরী আবহাওয়ার সময় খোলা মাঠ, উঁচু স্থান এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনও বজ্রপাতের ঝুঁকি এড়াতে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা অনুসরণ এবং প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন