ভৈরবে আগুনে পুড়ে ভস্মীভূত ১২ বসতঘর

ভৈরবে আগুনে পুড়ে ভস্মীভূত ১২ বসতঘর
ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের এলাকায় আগুনে পুড়ে ভস্ম হলো সকল আসবাবসহ ১২ বসতঘর। বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্তৃপক্ষ।

খবর পেয়ে ভৈরব ও আশুগগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের বিলম্বে আসা, প্রয়োজনীয় পাইপ ও পানি না থাকা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরাসহ স্থানীয়রা। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে শহরের চন্ডিবের দক্ষিণ পাড়া এলাকার ঘড়িমার্কা বাড়ির পিছনের একটি বাড়ি থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয় লোকজন ভৈরব ফায়ার সার্ভিসে ফোন করে বিষয়টি অবগত করালেও তারা আসতে বিলম্ব করলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে বালতি দিয়ে পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন না নিভে একে একে ১০-১২টি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে একে একে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে আসলেও তাদের কাছে পানি এবং লম্বা পাইপ না থাকায় তারা কোনো কাজ করতে পারেননি। একপর্যায়ে পাশের উপজেলা আশুগঞ্জ থেকে আরও একটি ইউনিট আসলে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। তবে ইতিমধ্যে প্রায় ১২টি বসতঘর সমস্ত আসবাবসহ পুড়ে ভস্ম হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস কর্মীরা ঠিক সময়ে না আসা এবং আগুন নেভাতে তাদের ব্যর্থতার কারণে তাদের অধিক ক্ষতি হয়েছে।

ভৈরব উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভৈরবের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে পানির উৎস দূরে থাকায় তাদের কাজ করতে কিছুটা বিলম্ব হলেও, সঙ্গে সঙ্গে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে কাজ শুরু করে।

প্রথমে একটি বাড়ি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত অন্যান্য এলাকায় সেটি ছড়িয়ে পড়ে বলে জানান তিনি। ক্ষতির তদন্ত ছাড়া বলা যাচ্ছে না বলেও জানান এই কর্মকর্তা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন