একসময় পুকুর-দীঘিতে ভরা ছিল চট্টগ্রাম শহর। রাণীর দীঘি, কাজির দীঘি, মোঘলটুলি দীঘি, জোড়া দীঘি, ভেলুয়ার দীঘি, বলুয়ার দীঘি, আসকারদীঘি ও রাজাপুকুরÑএসব জলাশয়ের সঙ্গে জড়িয়ে আছে বন্দরনগরীর ইতিহাস ও ঐতিহ্য। তবে সরকারি হিসাবে গত চার দশকে নগরীর ৬৫ শতাংশ পুকুর-দীঘি হারিয়ে গেছে। পরিবেশকর্মীদের দাবি, প্রায় ৯০ শতাংশ পুকুর-দীঘিরই অস্তিত্ব নেই; কেবল নামটি টিকে আছে।
জলাশয় ও জলাধার রক্ষায় জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি করপোরেশন (চসিক), পরিবেশ অধিদপ্তর ও রেলওয়ের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ রয়েছে। বরং সংস্থাগুলো একে অন্যের ওপর দায় চাপাচ্ছে। এতে আগামী কয়েক বছরের মধ্যে চট্টগ্রাম জলাশয়শূন্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশকর্মীরা।
নগরীর আসকারদীঘির পাড় এলাকা এখনো দীঘির নামেই পরিচিত। তবে চারপাশে অসংখ্য স্থাপনা গড়ে ওঠায় একসময়ের আট একরের দীঘিটি এখন মাত্র তিন একরে নেমে এসেছে। এর বড় অংশের শ্রেণি পরিবর্তন করা হয়েছে। মাঝেমধ্যে অভিযান চালানো হলেও দীঘিটি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দখলদার কারা, কারা শ্রেণি পরিবর্তন করেছে কিংবা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেÑসেসবের কোনো তালিকাও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর প্রস্তুত করেনি। এ বিষয়ে নীরব রয়েছে সিডিএ এবং চসিকও।
সরেজমিন দেখা যায়, কচুরিপানায় ভরে গেছে দীঘিটি। তিন পাশে অন্তত ২০টি বহুতল ভবন রয়েছে। অন্য পাশে টিনশেড ঘর ও নোংরা-স্যাঁতসেঁতে পরিবেশ। পাশের ফার্নিচার মার্কেট ও আবাসিক ভবন থেকে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে দীঘিতে। এতে দখল ও দূষণে ঐতিহ্যবাহী জলাশয়টি অস্তিত্ব সংকটে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, ১৬৬৯ সালে মোগল ফৌজদার নবাব আসকার খাঁ আট একরের এই দীঘি খনন করেন। প্রায় সাড়ে ৩০০ বছরের ইতিহাস বহনকারী দীঘিটির বর্তমান মালিকদের মধ্যে শিল্পপতি শওকত আলী ও সুলাইমান আলম শেঠসহ কয়েকজন রয়েছেন। তবে সংরক্ষণে তাদেরও কোনো উদ্যোগ নেই। চারদিক থেকে সংকুচিত হয়ে পড়া দীঘিটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
এদিকে নগরীর পাহাড়তলীর প্রায় ৫০০ বছরের পুরোনো ভেলুয়া সুন্দরীর দীঘি স্থানীয় ইতিহাস, লোককথা ও ঐতিহ্যের অংশ। ১৯৮২ সালে রেলওয়ের ইজারা দেওয়ার পর থেকেই দখল শুরু হয়। গত চার দশকে দীঘির পাড় দখল করে গড়ে উঠেছে ঘনবসতিপূর্ণ বস্তি ও শত শত অবৈধ স্থাপনা। স্থানীয়দের মতে, একসময়ের ১৪ একরের দীঘি এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। চারপাশের পাড় ভেঙে পড়লেও সংরক্ষণে কোনো উদ্যোগ নেই।
১৯০৮ সালে চট্টগ্রামে রেলপথ নির্মাণের মাটি সংগ্রহের জন্য গোসাইলডাঙ্গা মৌজায় ২৭.৪ একর আয়তনের আগ্রাবাদ ডেবা খনন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে জলাশয়টি ছোট হয়ে যাচ্ছে। স্থানীয়দের অসচেতনতার কারণে এটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। চারপাশে কয়েকশ অবৈধ দখলদার স্থাপনা গড়ে তুলেছে। এছাড়া আংশিক মালিকানা নিয়ে চট্টগ্রাম বন্দর ও রেলওয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ধীরে ধীরে জলাশয়টি বিলীন হলেও সংশ্লিষ্টদের নজর নেই।
হারিয়ে গেছে বহু ঐতিহ্যবাহী দীঘি
নগরীর আন্দরকিল্লা মোড়ের পাশে একসময় ০.২৯ হেক্টরের রাজাপুকুর ছিল। এলাকাটি এখনো রাজাপুকুর লেন নামে পরিচিত হলেও পুকুরটির অস্তিত্ব নেই। গত তিন দশকে এটি ভরাট করে চারটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।
একই ভাবে চাক্তাই-খাতুনগঞ্জের বলুয়া দীঘিও দখল ও দূষণে অস্তিত্ব সংকটে রয়েছে। এছাড়া দেওয়ানজিপুকুর লেন, জোড়া দীঘি, খাজানাচি দীঘি, বসুন্ধরা দীঘি, মোঘলটুলি দীঘি, কমলদহ দীঘি, হাজারী পুকুর ও রাণীর দীঘিসহ শতাধিক প্রাচীন দীঘি গত চার দশকে ভরাট হয়ে গেছে। সবচেয়ে বেশি ভরাট হয়েছে নব্বইয়ের দশকে। তবে এসব দীঘির নাম এখনো বিভিন্ন এলাকা ও স্থাপনার সঙ্গে যুক্ত রয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫ সালে একটি এবং চলতি বছরে মাত্র তিনটি পুকুর ভরাটের মামলা করেছে সংস্থাটি। এছাড়া ৩৮টি এনফোর্সমেন্ট মামলায় অর্ধকোটি টাকা জরিমানা করা হলেও গ্রেপ্তারের তথ্য তাদের কাছে নেই।
পুকুর ও জলাশয়ের সংখ্যা নিয়েও সরকারি সংস্থাগুলোর তথ্যের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, মহানগরসহ চট্টগ্রাম জেলায় বর্তমানে ১,৫১৯টি পুকুর-জলাশয় রয়েছে। আগে ছিল ৪,২৯৫টি। অর্থাৎ ২,৭৭৬টি জলাশয় বিলুপ্ত হয়েছে।
অন্যদিকে জেলা মৎস্য অফিসের ২০১৮ সালের জরিপ অনুযায়ী, নগরীর ৪১টি ওয়ার্ডে ১,০৭৬.২৫ হেক্টর আয়তনের ৬১৫টি পুকুর রয়েছে এবং ৩,৯০৮টি পুকুর ভরাট হয়েছে। সিডিএর তথ্যমতে, বিএস খতিয়ানে ৪,৬০০টি পুকুর থাকলেও বাস্তবে রয়েছে ২,০০০-এর বেশি। জেলা প্রশাসন খাস পুকুরের হিসাব থাকার কথা বললেও তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি।
পুকুর-জলাশয়ের তালিকাও নেই
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দশকে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নগরীর পুকুর ও জলাশয়ের কোনো পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করেনি। এমনকি ঐতিহ্যবাহী পুকুর ও সেগুলোর দখলদারদের তালিকাও নেই। গত ২৬ অক্টোবর হাইকোর্টের জারি করা রিট সম্পর্কেও অনেক সরকারি কর্মকর্তা অবগত নন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত বলেন, খাস পুকুরের তালিকা রয়েছে। তবে ব্যক্তিমালিকানাধীন দীঘি ও পুকুরে জেলা প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না। এ ধরনের কোনো তালিকা করা হয়নি। দখল ও দূষণ রোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। হাইকোর্টের আদেশের কপিও তাদের কাছে পৌঁছায়নি।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদিন হাসান বলেন, পুকুর-জলাশয় রক্ষায় পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে এটি সম্ভব নয়। তাদের কোনো জরিপ হয়নি। ভরাটের অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ ম বখতিয়ার বলেন, শহরের পুকুর-দীঘি দখল ও ভরাট হলেও চসিক, সিডিএ, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর কিংবা ফায়ার সার্ভিসÑকেউ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। হাইকোর্টের রুল জারির পরও সংশ্লিষ্টদের কোনো তৎপরতা নেই। ফলে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য চোখের সামনেই হারিয়ে যাচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) চট্টগ্রামের সমন্বয়ক মনিরা পারভীন রুবা বলেন, আসকারদীঘি আট একর থেকে তিন একরে নেমে এলেও প্রশাসনের ঘুম ভাঙেনি। আইনে শ্রেণি পরিবর্তন দণ্ডনীয় অপরাধ হলেও তা করেই স্থাপনা নির্মাণ করা হচ্ছে। পুকুর-জলাশয় সংরক্ষণে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব বলেন, পুকুর-দীঘি অধিগ্রহণ না করা হলে এগুলোর অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। অধিগ্রহণ করে পার্ক বা বিনোদন কেন্দ্র গড়ে তোলা গেলে সরকারেরও রাজস্ব আয় হবে। পাশাপাশি একটি বিশেষ কমিটির মাধ্যমে পুকুরের নিয়মিত হালনাগাদ তথ্য সংরক্ষণ এবং ওই কমিটির অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অনুমতি না দেওয়ার সুপারিশ করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-0d6898.jpg)