পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়ায় রামচন্দ্রপুর গ্রামে মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ভাইরাল হওয়ায় ছেলে ও পুত্রবধূসহ ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে হাঁপানিয়া রামচন্দ্রপুরের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে রাতেই সাঁথিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন ছেলে নজরুল ইসলাম( ৪০), পুত্রবধূ সোনালী খাতুন (৩৫), নজরুলের দুই শ্যালক মো. টিপু মিয়া (২৫) ও মো. মিনার হোসেন (৩০), শ্যালিকা মুর্শিদা খাতুন (২৮)।
ভাইরাল হওয়া ফেসবুক ভিডিও থেকে দেখা যায়, প্রথমে বৃদ্ধ শাশুড়ি কাঞ্চন খাতুনকে (৭৫) পুত্রবধূ সোনালী মাটিতে ফেলে মারপিট করছে। দ্বিতীয় দফায় পুত্র নজরুল ইসলাম মাকে অনেকক্ষণ গলা টিপে ধরে। একপর্যায়ে ছেলে মাকে তুলে মাটিতে আছাড় মেরে ফেলে দিয়ে লাথি মেরে হত্যার চেষ্টা করে। মা চিৎকার করে কান্না করলেও ভিডিওতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। লোমহর্ষক এ ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। কমেন্টে তাদের অমানুষ দাবি করে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি করা হচ্ছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বৃদ্ধ মাকে মারপিটের ঘটনাটি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ছেলে ও পুত্রবধূসহ ৫ জনকে আটক করে নিয়ে আসছি। গত রাতে মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। রোববার (৩১ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হবে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গেলে স্থানীয়রা সমস্যা সৃষ্টি করে। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

