উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেসরকারি হাসপাতালের সাইনবোর্ড

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেসরকারি হাসপাতালের সাইনবোর্ড

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে জরুরি বিভাগের প্রবেশপথে বেসরকারি হাসপাতালের সাইনবোর্ড টাঙানো হয়েছে। সরকারি হাসপাতালের অভ্যন্তরে বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড নিয়ে স্থানীয়দের মাঝে সমালোচনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটক ও জরুরি বিভাগের সামনে পালং জেনারেল হাসপাতাল ও কোটবাজার ডিজিটাল হাসপাতালের সাইনবোর্ড টাঙানো হয়ছে।

কোটবাজার ডিজিটাল হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেছান উল্লাহ সিকদার এবং পালং জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাজেদুল ইমরান (শাওন) নিয়মিত চেম্বার করেন৷

সরকারি হাসপাতালের অভ্যন্তরে বা দেয়ালে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অ্যাম্বুলেন্সের বিজ্ঞাপন স্থাপন সম্পূর্ণ বেআইনি ও নীতিবহির্ভূত। সরকারি মেডিকেল ও হাসপাতালের ভাবমূর্তি রক্ষা এবং রোগীদের বিভ্রান্তি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ধরনের বাণিজ্যিক প্রচারণার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, আগে এসব সাইনবোর্ড ছিল না। ডা. এহেছান উল্লাহ সিকদার যোগদানের পর এগুলো টাঙানো হয়েছে। রোগীরা যাতে ওই ঠিকানায় গিয়ে চিকিৎসা নিতে পারেন, সেজন্যই এমন ব্যবস্থা করা হয়েছে বলে শুনেছি।

এ বিষয়ে স্থানীয় একজন সিনিয়র সাংবাদিক বলেন, একটি সরকারি হাসপাতালের সামনে বা অভ্যন্তরে বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপন বা প্রচারণামূলক সাইনবোর্ড প্রদর্শন করা সরকারি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও সেবার মান নিয়ে প্রশ্ন তৈরি করে। এতে রোগীরা বিভ্রান্ত হতে পারেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেছান উল্লাহ সিকদার বলেন, হাসপাতালের সামনে বা আসেপাশে বিজ্ঞাপনের বিষয়ে আইনগত কোনো ধরনের নির্দেশনা নেই। এ বিষয়ে আমার পক্ষ থেকে কোনো মন্তব্য নেই। আমি একটু ব্যস্ত আছি, আপনাকে পরে ফোন দিচ্ছি বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...