চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী রেহেনা বেগম (৬৬), ঝিনাইদহ সদর পোপাল পুর এলাকার চান মিয়ার ছেলে নাইমুর ইসলাম জিহাদ ২১ ও ঝিনাইদহ সদর ডাক বাংলো এলাকার নাইম এবং ভোলা জেলার মো. মনির (২১)।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ খান বলেন, সকালে কক্সবাজারগামী মারসা পরিবহনের সাথে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে থেকে ১ জনের লাশ ও ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতদের উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
লোহাগাড়া ট্রমা সেন্টার ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. ইজাজ আহম্মেদ শামীম বলেন, হাসপাতালে দুজন মৃত আনা হয়েছে। তিনজন গুরুতর আহত ছিলো। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে যাওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। লাশ ও দুর্ঘটনাকবলিত বাসগুলো থানায় আনা হচ্ছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

