আসন্ন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহম্মেদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তার উন্নয়ন ভাবনা ও নির্বাচনি অঙ্গীকার তুলে ধরেছেন।
রোববার (৩১ মে) সকালে বাবুগঞ্জ প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু ও সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ মুসা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক, বাবুগঞ্জ উপজেলা আহ্বায়ক এবং দলীয় মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য মো. রফিকুল ইসলাম, বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক আসিফ আলী, এনসিপি নেতা প্রভাষক সিরাজুল ইসলাম, বাবুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহাব উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংবাদিক মোহাম্মদ আলীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীরা।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফরিদ আহম্মেদ বলেন, নির্বাচিত হলে বাবুগঞ্জকে একটি শিল্পসমৃদ্ধ, কর্মসংস্থানমুখী ও আধুনিক উপজেলায় রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন। তিনি নদীভাঙন প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, বাবুগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জনগণের অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তোলা হবে। আমি চাই বাবুগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে। উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সে লক্ষ্যেই কাজ করব।
সভায় বক্তারা বাবুগঞ্জের টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। জবাবে প্রার্থী তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়ন ভাবনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
মতবিনিময় সভাটি সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা মনে করেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের মতবিনিময় সভা প্রার্থী ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

