গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে পিরোজপুরের নাজিরপুরে প্রবেশ করে নাশকতা চালাতে না পারেন, সে লক্ষ্যে টুঙ্গিপাড়া-নাজিরপুর সীমান্তবর্তী এলাকায় পুলিশি টহল জোরদার করা হবে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। একই সঙ্গে নাজিরপুরের মানুষের জানমালের নিরাপত্তায় সীমান্তবর্তী মালিখালী ইউনিয়নে দ্রুততম সময়ের মধ্যে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো অপতৎপরতা ঠেকাতে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তাণ্ডবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। এ ছাড়া উপস্থিত ছিলেন নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম আবু সাঈদ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
সভায় গত ১৫ নভেম্বর নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনানিয়া গ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে সংঘটিত নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাঁদের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন।
উল্লেখ্য, গত রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আসা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ রয়েছে। মিছিল নিয়ে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ হামলা চালান বলে জানা গেছে।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা ও লুটপাট চালান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

