পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে চার ও পাঁচ বছর বয়সী দু’শিশুকে ধর্ষণের অভিযোগে রনি (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার রনি কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য দেন পাবনা র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি বলেন, গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শিশু দু’টি রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত রনি খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে দু’জনের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বলতে নিষেধ করে ও শিশুদেরকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। ভিকটিমরা অসুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থতার কারণ জানতে চাইলে শিশুরা ধর্ষণের বিষয়টি পরিবারকে জানায়।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার সাঁথিয়ায় থানায় একটি মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়।
আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাঁথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

