যশোরের একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো. বাপ্পী হোসেনকে (৩০) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৬, যশোর এবং র্যাব-১, গাজীপুরের যৌথ অভিযানে শনিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর বাসন থানার বেরাইদেরচেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গত ১৬ এপ্রিল রাতে বাপ্পী হোসেন আগে থেকে পরিচিত যশোরের গাইদগাছি গ্রামের এক নারীর বাসায় গিয়ে তাকে দরজা খুলতে বলেন। পরে ওই নারী দরজা খোলার পর বাপ্পী মুখ চেপে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী যশোর কোতয়ালী থানায় মামলা করলে বাপ্পী আত্মগোপনে চলে যান। পরে র্যাব-৬ এই মামলার ছায়াতদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাপ্পী হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৬, যশোরের পক্ষ থেকে জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

