হামলা-ভাঙচুরের পর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

হামলা-ভাঙচুরের পর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর কার্যক্রম বন্ধ থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। ১৯ নভেম্বর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর তিনি দায়িত্ব গ্রহণ করলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মুকসুদপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন ওসি মাহমুদুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের আগে মাহমুদুর রহমান সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর থেকে পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং থানার নিয়মিত কার্যক্রম পরিচালনায় তৈরি হয়েছে নানা প্রতিবন্ধকতা।

এমন পরিস্থিতিতে নতুন ওসির যোগদানকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত থানার কার্যক্রম পুরোপুরি সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

নবাগত ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘থানায় অগ্নিসংযোগের পর থেকে থানার সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে থানার পুলিশ সদস্যরা থানার পাশের ভবনে অবস্থান করছেন।’

উল্লেখ্য, এর আগে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবদুল্লাহ আল মামুন। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর তাকে বদলি করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...