অবশেষে ফুরোচ্ছে দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার প্রহর। সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর বাকি পাঁচ প্রবাসীর লাশ শনিবার দেশে পৌঁছাচ্ছে।
সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়া বাকি পাঁচ প্রবাসীর লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
শনিবার লাশ হয়ে দেশে ফিরতে যাওয়া পাঁচ প্রবাসী হলেন—নওগাঁ পৌর এলাকার পার-নওগাঁর মজনু রহমানের পুত্র মো. শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের নাজমুল হুদার পুত্র হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের পুত্র মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের পুত্র মাসিদুল সরদার সজীব এবং সাধনগর গ্রামের আজাহার আলীর পুত্র সাগর আলী।
এর আগে গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়। তাঁদের মধ্যে নওগাঁরই ছিলেন ১২ জন। গত ২৭ আগস্ট প্রথম দফায় সাতজনের লাশ দেশে আনা হলেও আইনিপ্রক্রিয়া ও পরিচয় শনাক্তকরণ জটিলতায় বাকি পাঁচজনের লাশ এত দিন সৌদির হিমঘরে রাখা ছিল।
সার্বিক বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আইনিপ্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদ দূতাবাসের সমন্বয়ে দ্রুততম সময়ে মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়াও চলমান রয়েছে।
—এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-66831a-720x405.webp)