আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন করতে চাইলে পদ ছেড়ে দিন: উপদেষ্টাদের মির্জা ফখরুল

যশোর অফিস

নির্বাচন করতে চাইলে পদ ছেড়ে দিন: উপদেষ্টাদের মির্জা ফখরুল

উপদেষ্টাদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন দল করতে চান, আমরা খুশি। কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না। যারা নির্বাচন করতে চান, দয়া করে পদ ছেড়ে দিন। সরকারে বসে নির্বাচন করা যাবে না। জনগণের ভোট নিয়ে আসবেন।

মঙ্গলবার বিকেলে যশোর মুনসি মেহেরউল্লা ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. ইউনূসকে সম্মান করি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আপনি যখন সরকারের দায়িত্ব নেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম। ভেবেছিলাম সুবিবেচকের মতো ব্যবস্থা করবেন। আমরা এখনও আশাবাদী। কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, সংস্কারের নামে জাতিকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। পার্লামেন্ট না থাকলে সংস্কারও থাকবে না। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।

তিনি বলেন, জনগণের ভয় আমাদের দেখাবেন না। আমরা যা করি, সবই জনগণকে জানাই। কিছুই গোপন করি না। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি। কখনও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন