নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় রায় দ্রুত কার্যকরের দাবী জানান তারা।
সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মৃত্যুণ্ডের রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে একথা জানান শহীদ পরিবারের সদস্যরা।
শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় শহীদ আদিলের (১৫) বাবা মো. আবুল কালাম জানান, আলহামদুলিল্লাহ, আমরা এমন রায়ই আশা করেছিলাম। শেখ হাসিনা অবৈধভাবে ১৭ বছর ক্ষমতায় থাকা অবস্থায় হাজারো মায়ের বুক খালি করেছে। খুন-গুমের স্বীকার হয়েছে তার ১৭ বার ফাঁসির রায় হওয়া উচিত। চব্বিশের গণঅভ্যুত্থানে দু’হাজার ছাত্র-জনতা হত্যার বিচারে হাসিনার দু’হাজার বার ফাঁসির রায় হওয়া দরকার। তবে আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এখন এই রায় কার্যকর করার জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।
এ বিষয়ে জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা স্বজনের বাবা মো. জাকির হোসেন।
তিনি বলেন, আমি কথা বলতে পারছি না। আমার শরীরটাও ভাল না। যখন ফাঁসি কার্যকর হবে তখন আমরা সন্তুষ্ট হবো। সকলের ফাঁসি কার্যকর হলে তারপর আমি সন্তুষ্ট হবো, এর আগে না।
এবিষয়ে শহীদ রিয়া গোপের বাবা দীপক কুমার গোপের সাথে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

