আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার-বোয়ালিয়া সড়কের জনগুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে নিচে পড়ে গেছে। এতে নলুয়া, উপাদী, বহরী, বোয়ালিয়া, নবকলস শান্তিনগরসহ প্রায় ২০ গ্রামের হাজারো মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। ঈদমুখী বাজারে যাতায়াতকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়রা জানায়, মতলব সদর থেকে উপজেলার দক্ষিণ অঞ্চলের লোকজনের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি। বোয়ালিয়া বাজার সংলগ্ন এ ব্রিজটি কয়েক বছর ধরে ভগ্নদশায় পরিণত হয়েছে। গত বুধবার ব্রিজের অনেকাংশ ভেঙে নিচে পড়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন, ফয়সাল আহমেদসহ আরো অনেকে বলেন, আমাদের এলাকায় দুটো উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বাজার, ডাকঘরসহ নানা জায়গায় যেতে এ ব্রিজটি ব্যবহার করা হয়। আমাদের স্কুলে যাওয়া-আসার জন্য অসুবিধা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জান্নাত আক্তার বলেন, ‘আমরা এ ব্রিজ দিয়ে চলাফেরা করি। উপজেলা সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের ব্রিজটি ভেঙে গিয়ে এখন যান চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুত মেরামতের জন্য দাবি জানাচ্ছি।’

বহরী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, বোয়ালিয়া বাজারের পশ্চিম দিকের এ ব্রিজটি অনেক দিন ধরে যানবাহন চলাচলের অনুপোযোগী ছিল। ব্রিজের মাঝখানে ভেঙে নিচে পড়ে যাওয়ায় পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেল। ব্রিজটি দ্রুত সংস্কারে পৌর প্রশাসক ও এমপির হস্তক্ষেপ কামনা করছি।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কেএম ইশমাম বলেন, মতলব বাজার-বোয়ালিয়া সড়কের ব্রিজটি ভেঙে গেছে আমি জেনেছি। জনসাধারণের সুবিধার্থে দ্রুত মেরামতের চেষ্টা করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন