ফেনীতে বাড়ছে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা

এস এম ইউসুফ আলী, ফেনী

ফেনীতে বাড়ছে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। অর্থ ও নেতৃত্ব দিচ্ছে জুলাই হত্যা মামলার আসামি ও দলটির পলাতক নেতারা। গত বুধবার সকালে সদর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শহরের স্টেশন রোডে ঝটিকা মিছিল করেছে তাদের কর্মী-সমর্থকরা। তাৎক্ষণিক নিজের ছবিসংবলিত ব্যানার নিয়ে মিছিলের ভিডিও ফুটেজ ফেসবুকে শেয়ার করে ধন্যবাদ জানান শেখ রেহানার ক্যাশিয়ার ও জুলাই হত্যা মামলার পলাতক আসামি আলাউদ্দিন নাসিম।

যদিও দলীয় একটি পেইজ থেকে মিছিলটি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদর উপজেলা সেক্রেটারি শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে হয়েছে বলে দাবি করেছে। এতে ক্ষোভ প্রকাশ করে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার পাশাপাশি এর জন্য বিএনপি-জামায়াতের স্থানীয় নেতৃত্বকে দুষছেন ক্ষমতাসীন দলের তৃণমূল নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

অন্যদিকে ২৪-এর ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে গুলি চালিয়ে ৯ জনকে হত্যা ও শেখ হাসিনার পতনের পর দলটির স্থানীয় অভিভাবক ও গডফাদারসহ শীর্ষ সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর বাকিরা গাঢাকা দিলেও কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে দলীয় প্রচারণামূলক নানা পোস্ট ও হুমকি-ধমকি দিচ্ছে তারা।

২ জুন নিজের ফেসবুকে প্রশাসনকে হুমকি দিয়ে একটি পোস্ট করেছেন পতিত সরকারের সদস্য আলাউদ্দিন নাসিম। এতে তিনি লিখেছিলেন প্রশাসন এবং পুলিশের অতি উৎসাহী কর্মকর্তাদের বলছি, অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না। জোয়ার ভাটার এ দেশে কখন কি হয় বলা যায় না। গণেশ উল্টে গেলে যাতে বিপদে পড়ে না যান, সেটা চিন্তা করে কাজ করবেন।

অনলাইনে সংঘবদ্ধ করে এদের মাধ্যমে মিছিলসহ নাশতার নানা পরিকল্পনা চালিয়ে যাচ্ছে মহিপালে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি নাসিম, নিজাম, দিদার, শুসেন, স্বপন, সোহেল, লিপটন, সাজেল, রফিক, ফারুক, মামুন, মিলনসহ আওয়ামী ঘরানার চিহ্নিত কিছু সাংবাদিক, আইনজীবী ও ফ্যাসিস্টদের দোসর, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন গুপ্ত সদস্য।

যার কারণে কার্যক্রম নিষিদ্ধ দলটির চিহ্নিত ক্যাডার- সন্ত্রাসীরা জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রকাশ্যে চলাফেরা করতে সাহস পাচ্ছে। বিশ্বস্ত সূত্রের দাবি, এর জন্য এদের প্রত্যেককে প্রতিনিয়ত দেশ-বিদেশ থেকে মোটা অঙ্কের অর্থের জোগান ও নেতৃত্ব দিচ্ছেন দলটির পলাতক নেতারা।

অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পলাতক সব নেতাদের ফেলে যাওয়া অর্থ-সম্পদ, বাড়িভাড়া, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক লেনদেনও চলছে অনেকটা সাভাবিকভাবে। সরকারি দল এবং তাদের ছাত্র ও যুবসংগঠনের একাধিক নেতার যোগসাজশে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। রেডক্রিসেন্ট, ব্যবসায়ী সমিতি, চেম্বার অব কমার্স নির্বাচনকে ঘিরে বিষয়টি অনুধাবন করতে শুরু করেছে স্থানীয়রা।

এছাড়াও আসন্ন স্থানীয় নির্বাচনকে ঘিরে দলীয়ভাবে নানা পরিকল্পনা চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। নির্বাচনে অংশ নিতে না পারলে, বড় ধরনের নাশতাসহ শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে তারা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজীম বলেন, পুলিশের অভিযান অব্যাহত আছে। মিছিলে অংশগ্রহণকারী তিনজনকে আটক করা হয়েছে।

ফেনীর নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পুলিশের বিভিন্ন ইউনিট এ নিয়ে কাজ করছে। যেকোনো অবৈধ তৎপরতা শক্ত হাতে দমন করা হবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন