আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার রাত ৭টায় ইসলামী আন্দোলন একটি হোটেলে এবং রাত সাড়ে ৯টায় উপজেলা জামায়াত দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার জানান, আগামীকাল ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুল মাঠে জনসভা শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। তিনি এই কর্মসূচি সফল করতে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষের উপস্থিতি ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অপরদিকে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া জানান, সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে তাদের নির্বাচনি সভা অনুষ্ঠিত হবে। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম উপস্থিত থাকবেন। এই কর্মসূচি সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বাকেরগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

