জাতীয় মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে কর্মবিরতিতে গিয়েছিলেন ফতুল্লার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকেরা। সোমবার সারা দিন কাজে যোগ না দিলেও আজ মঙ্গলবার সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রায় ৯ হাজার শ্রমিক।
এদিকে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকাল থেকে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রমিক অসন্তোষ ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শিল্পাঞ্চলগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি জেলা পুলিশের ৫৭৫ জন সদস্য, এসআরবির (স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন) ৪টি টিম, শিল্প পুলিশ ও আনসার সদস্যরা শিল্প এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোন-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ সার্বিক পরিস্থিতির বিষয়ে জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ৪৮০ জন সদস্য সরাসরি মাঠে মোতায়েন ছিলেন। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও ৬০ জনকে রিজার্ভ রাখা হয়েছিল।
তিনি বলেন, নারায়ণগঞ্জের সার্বিক শিল্প পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তবে জাতীয় মজুরি বোর্ডের বৈঠক মুলতবি হওয়ার কারণে শুধু "মেট্রো গার্মেন্ট-এর শ্রমিকেরা আজ কর্মবিরতিতে গিয়েছিলেন। এ ছাড়া জেলার অন্য কোনো কারখানায় কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি এবং শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন।
জেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পোশাকশিল্পে কিছুটা অস্থিরতার কারণে পুরো শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি, পুলিশ, আনসার ও এসআরবির সদস্যরা মাঠে কাজ করছেন। সাইনবোর্ড থেকে বিসিক, সিদ্ধিরগঞ্জ ইপিজেড, সোনারগাঁ, তারাবো হয়ে ভুলতা-গাউছিয়া পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কোথাও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলে তা শনাক্ত করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে প্রশাসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

