পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আজও দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সকালে শ্রমিকেরা কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিজ্ঞাপন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় শ্রমিকেরা ছোটাছুটি করে ওই সড়ক থেকে সরে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশে থাকা পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় আজ সকালে মহাসড়কের কোথাও শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়নি। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানসহ টহল দিতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন