বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ড. ইউনুস-তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে।
শুক্রবার দুপুরে তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন।
জাতীয় নির্বাচনের বিষয়ে রিজভী বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। যৌক্তিক সময়েই হবে। আরো অনেক দল যে দাবি করেছে এ আলোকেই নির্বাচন হবে। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে।
তাহের ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি বলেন, লোহা পুড়িয়ে সংসার চালিয়েও তাহের ঠাকুর দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। জেলা বিএনপি যেন সার্বক্ষণিক খোঁজখবর রাখে সেজন্য বলেছি আপনার পাশে সবাই দাঁড়াবে। তারেক রহমানের উপহার নিয়ে এসেছি।
এসময় উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, তাহের ঠাকুরের ছেলে চাটমোহর ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি বরিউল করিম গোলাম, অ্যাডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান দলীয় কর্মী আবু তাহের ঠাকুরের পাশে দাঁড়িয়েছেন। তার প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

