ভালোবাসার টানে দুবাই থেকে জাজিরায়, আজ বিয়ে সলেমান-সুবর্ণার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

ভালোবাসার টানে দুবাই থেকে জাজিরায়, আজ বিয়ে সলেমান-সুবর্ণার

দেশ-বিদেশের দূরত্ব পেরিয়ে ভালোবাসার এক অনন্য গল্পের পরিণতি ঘটতে যাচ্ছে শরীয়তপুরের জাজিরায়। দুবাইয়ের নাগরিক সলেমানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের সাবেক লাউখোলা গ্রামের তরুণী সুবর্ণা খান। দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের আয়োজন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে চাকরির উদ্দেশে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান সুবর্ণা। সেখানে আবুধাবির একটি পার্কে পরিচয় হয় দুবাইয়ের নাগরিক সলেমানের সঙ্গে। প্রথমে সাধারণ বন্ধুত্ব দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে তা গভীর সম্পর্কে রূপ নেয়। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, সলেমান পূর্বে বিবাহিত এবং তিন সন্তানের জনক। বিষয়টি সম্পর্কে সুবর্ণা ও তার পরিবারের সদস্যরা অবগত রয়েছেন। পারস্পরিক বোঝাপড়া ও পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছে।

রোববার (১৪ জুন) রাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সুবর্ণার পরিবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই হাজার অতিথির আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

বিয়েকে কেন্দ্র করে বিশাল ভোজের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বাড়িতে অতিথিদের আনাগোনা এবং নানা আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্বজনরা।

নিজের অনুভূতি প্রকাশ করে সুবর্ণা বলেন, আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমরা দুজনের সম্মতিতেই বিয়ে করছি। আমাদের দুই পরিবারেরও সম্মতি রয়েছে। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।

তবে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি সলেমান। তিনি জানিয়েছেন, দুবাই পুলিশে কর্মরত থাকায় ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে আগ্রহী নন।

এদিকে এই বিয়ে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ভিন্ন দুই দেশের দুই মানুষের ভালোবাসার গল্প এখন এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে হওয়ায় বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ বেশি। আমরা চাই মেয়েটি সুখে-শান্তিতে থাকুক। পাশাপাশি সবকিছু যেন স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সেটিও গুরুত্বপূর্ণ।

নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দেশ-বিদেশের সীমানা পেরিয়ে গড়ে ওঠা এই সম্পর্ক সুখী ও সফল দাম্পত্য জীবনের মাধ্যমে আরও সুন্দর পরিণতি লাভ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...