আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোপালগঞ্জে ৬ ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

আমার দেশ অনলাইন

গোপালগঞ্জে ৬ ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাথমিক বিদ্যালয়, শহরের বিনাপানি স্কুল, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর হাই স্কুল, মাঝিগাতী হাই স্কুল এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ওপর একটি ও অন্য ৫টি কেন্দ্রের সামনে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ সময় বিকট শব্দের সৃষ্টি হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আতঙ্ক সৃষ্টি করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ান অফিস কম্পাউন্ডে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে এবং গত বছরের ১২ ডিসেম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কুল-কিনারা পায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন