গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাস্থ রয়েল হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি চন্দ্রা এলাকায় ডাকাতি করার জন্য প্রস্তুতিমূলক সলাপরামর্শ করছে। এমন খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম নিজেই কয়েকজন পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি ঘিরে ফেলেন। পরে প্রাইভেট কার জব্দ করে ৫ জনকে হাতেনাতে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলো— এলাহী শেখ (৪৮), আরব আলী (৪৯), রশিদুল (৪৮), বাবুল হোসেন (২৯) এবং মামুন হাসান (২৮)।
পুলিশ জানায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

