নাটোরের গুরুদাসপুর উপজেলার গোমানী নদী থেকে হাবিবুর রহমান (৮০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার সাহাপুর কালিনগর এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাবিবুর রহমান সিংড়া উপজেলার কলম ইউনিয়নের শান্তিনগর গ্রামের মৃত চান্দুল্লা প্রামানিকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ এলাকার আত্রাই নদীতে গোসল করতে নামেন হাবিবুর রহমান। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালালেও দীর্ঘ সময় তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে বিকেলে গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালিনগর এলাকায় গোমানী নদীতে একটি লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরবর্তীতে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি হাবিবুর রহমানের বলে শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্রাই নদীতে নিখোঁজ হওয়ার পর স্রোতের টানে তিনি ভেসে গোমানী নদীতে চলে আসেন।
গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম জানান, “ঘটনার বিষয়ে সিংড়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

