বিএনপির মিছিলে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি, সমালোচনার ঝড়

বিএনপির মিছিলে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি, সমালোচনার ঝড়
যুবদলের মিছিলে মোটরসাইকেলে লালবৃত্তে আ. রাজ্জাক

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আ. রাজ্জাককে যুবদলের বিক্ষোভ মিছিলে দেখা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে জেলা যুবদলের মিছিলে মোটরসাইকেলে তার এমন উপস্থিতি ঘিরে তীব্র সমালোচনা চলছে।

বিজ্ঞাপন

জানা যায়, আওয়ামী লীগের এই নাশকতা প্রতিহতে বুধবার (১৮ নভেম্বর) রাতে ফতুল্লায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। ওই বিক্ষোভ মিছিলের সামনের সারিতে মোটরসাইকেলে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাজ্জাককে দেখা যায়। যুবদলের মিছিলে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী নাশকতা মামলার আসামি এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আস্থাভাজন হিসেবে পরিচিত রাজ্জাকের প্রকাশ্য উপস্থিতি জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের আস্থাভাজন আ. রাজ্জাক সর্বশেষ ২০২১ সালে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন করেন। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ রয়েছে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ও শামীম ওসমানের সঙ্গে মিছিলের অগ্রভাগে ছিলেন তিনি।

ফতুল্লা থানার পুলিশের দেওয়া তথ্যমতে, রাজ্জাকের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী একটি হত্যা মামলা (নং ৭১(২৩) ২০২৫) এবং ফতুল্লা মডেল থানায় সন্ত্রাসবিরোধী নাশকতার মামলাসহ (নং ১৪(৫) ২০২৬) আরো একাধিক মামলা রয়েছে।

বিএনপি নেতাকর্মীদের একাংশের অভিযোগ, মাসদাইর এলাকায় আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি রয়েছে এবং এখনো সেখানে দলটির শীর্ষ নেতারা প্রকাশ্যে অবস্থান করছেন। স্থানীয় বিএনপির একটি অংশ তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তাদের দাবি, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, বৃহত্তর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতি প্রধান, সাধারণ সম্পাদক রঞ্জিত মণ্ডল, ফতুল্লা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির মেম্বার, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শাহজাহান মাতবর এবং যুবলীগ নেতা আতাউর প্রধান ওরফে আতা মেম্বার (বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য) এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারে উদাসীন।

বিএনপির মিছিলে আওয়ামী লীগ নেতার এমন উপস্থিতিকে ফ্যাসিবাদের পুনর্বাসন বলে মনে করছেন জেলা নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান। তিনি বলেন, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি একজন নির্যাতিত নেতা। তার মিছিলে ফ্যাসিবাদের দোসরের এমন উপস্থিতি আমাদের ব্যথিত করেছে। আমরা ভেবেছিলাম নড়াইল ও গোপালগঞ্জের ঘটনার পর তারা নিজেদের শুধরাবেন। কিন্তু বাস্তবে বিএনপির নেতাকর্মীরা ব্যক্তিস্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনে ব্যস্ত। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ প্রসঙ্গে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, রাজ্জাক বিএনপির কেউ নন। তিনি পতিত হাসিনা সরকারের দোসর। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। এমন একজন চিহ্নিত সন্ত্রাসী কীভাবে যুবদলের মিছিলে অংশ নেন? আমরা তার গ্রেপ্তার দাবি করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...