পতেঙ্গা সৈকতের বাতাস তখনও সন্ধ্যার আবেশে ছিল প্রশান্ত। কিন্তু হঠাৎ ঘটে গেল এক রক্তশীতল ঘটনা। দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা নিজেই হয়ে গেলেন দুর্ধর্ষ ছিনতাইকারীদের নির্মম শিকার।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পতেঙ্গায়। যখন সঙ্গীয় ফোর্সসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন এসআই মো. ইউসুফ আলী। তখন মোটরসাইকেলে এসে তার সামনে আতঙ্ক ছড়িয়ে দেয় দুই দুর্বৃত্ত। কিছু বোঝার আগেই তারা পুলিশের পরিচয় নিয়ে কটাক্ষ শুরু করে- ‘তুই ভুয়া পুলিশ!’ এরপর আচমকাই তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় তারা।
ধারালো অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখিয়ে চলে যেতে উদ্যত হয় দুর্বৃত্তরা। কিন্তু এসআই ইউসুফ আলী নির্ভীক। নিজের পরিচয় প্রকাশ করে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে চাইলে উল্টো ছিনতাইকারীরা চড়াও হয়। প্রচণ্ড মারধরের একপর্যায়ে তারা চিৎকার করে আরও সন্ত্রাসীদের ডাকতে শুরু করে। মুহূর্তেই অন্ধকারের ছায়া ঘনিয়ে আসে। যেন পুরো এলাকা আতঙ্কের আবরণে ঢাকা পড়ে।
এমন দুঃসহ মুহূর্তে বাঁচার জন্য মরিয়া হয়ে চিৎকার করেন এসআই ইউসুফ। পরে ছুটে আসেন আশপাশের জনগণ ও টহলরত পুলিশ সদস্যরা। তারা দ্রুত ছিনতাইকারী সাইমন ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদকে ধরে ফেলেন।
এছাড়া আহত ইউসুফকে হাসপাতালে নেয় পুলিশ। একই সঙ্গে ছিনতাইকারীদের জনতার হাত থেকে হেফাজতে নেয়া হয়। উদ্ধার করা হয় এসআই ইউসুফের ছিনিয়ে নেয়া মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি। শুধু তাই নয়, ছিনতাইকারীদের কাছ থেকে একটি ধারালো চাকু ও ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
বন্দরের উপপুলিশ কমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ঘটনায় পতেঙ্গা মডেল থানায় দ্রুত মামলা করা হয়েছে। অবশ্যই সাহসিকতার পরিচয় দিয়েছেন ওই এসআই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

