আমার দেশ পত্রিকায় গত ২৪ ফেব্রুয়ারি অনলাইন ও প্রিন্ট সংস্করণে সিলেটের ‘ওসমানীনগরে নির্বাচনি সিসি ক্যামেরা প্রকল্পে দুর্নীতি’ শিরোনামে একটি শীর্ষক অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সর্বমহলে দাবি উঠে নিরপেক্ষ তদন্তের।
এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অপসারণের দাবিতে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা সদর তাজপুর বাজারে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন ওসমানীনগর সচেতন নাগরিক সমাজ।
আয়োজক পক্ষ জানান, কর্মসূচি সফল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে এবং সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের অনুরোধও জানানো হয়েছে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার মুখপাত্র ইব্রাহীম আহমদ বলেন, আমার দেশে প্রকাশিত প্রতিবেদনে যে অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ওসমানীনগরে স্বচ্ছ প্রশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সচেতন নাগরিকদের এই কর্মসূচিতে অংশগ্রহণ জরুরি। তবে মানববন্ধনকে কেন্দ্র করে একটি পক্ষ অদৃশ্যভাবে কর্মসূচি ভন্ডুলের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

