দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ও তিস্তা নদী তীরবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু , পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে মন্ত্রীবৃন্দ রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা ব্রিজ এলাকায় পৌঁছান। সেখানে তারা তিস্তা নদীর বর্তমান অবস্থা, নদীভাঙনপ্রবণ এলাকা এবং তীরবর্তী জনগণের জীবনযাত্রার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের দাবি-দাওয়া, নদীভাঙন সমস্যা, বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধার সম্প্রসারণ এবং বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রীরা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা তিস্তা নদীকেন্দ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, তিস্তা অববাহিকার লাখো মানুষের জীবন ও জীবিকা নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছর নদীভাঙন, আকস্মিক বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে এ অঞ্চলের মানুষ ব্যাপক দুর্ভোগের শিকার হন। এসব সমস্যা সমাধানে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন জরুরি।
নেতৃবৃন্দ আরও বলেন, তিস্তা নদীকে কেন্দ্র করে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন রোধ এবং আঞ্চলিক অর্থনীতির উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
পরিদর্শন শেষে মন্ত্রীরা তিস্তা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তারা বলেন, তিস্তা অববাহিকার টেকসই উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ অঞ্চলের সমস্যা সমাধান এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা এ সময় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং সেচ সুবিধা সম্প্রসারণের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, সরকারের উচ্চপর্যায়ের এই পরিদর্শনের মাধ্যমে তিস্তা অঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

