এক সময় যে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ করা ছিল দুঃসাধ্য। প্রশাসন কিংবা সাংবাদিক ও মানবাধিকারকর্মী—কেউই যেখানে প্রবেশ করতে পারতেন না, ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’খ্যাত চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরের আলীনগরে এবার চূড়ান্ত করা হয়েছে কারাগার নির্মাণের পরিকল্পনা।
দেশের অন্যতম বৃহৎ আধুনিক কারা কমপ্লেক্স গড়ে তোলার লক্ষ্যে সেখানে দাপ্তরিক কর্মযজ্ঞ শুরু করেছে কারা অধিদপ্তর। প্রকল্পটি গ্রহণের পর একনেকে পাস হলেই শুরু হবে ফিজিবিলিটি স্টাডি। ইতোমধ্যে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর জঙ্গল সলিমপুর পরিদর্শন করে সেখানকার যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিবেশ যাচাই করেছেন।
কারা অধিপ্তর সূত্র জানিয়েছে, চলতি বছরই কারা কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এখন বাকি প্রকল্প হিসেবে প্রস্তুত করে অনুমোদন পাওয়া। তবে ৬৫ একরের পরিবর্তে ৩০০ একর জমি চাওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন মামলার প্রায় দুই হাজার হাজতি ও কয়েদিকে জঙ্গল সলিমপুরে নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে এলাকায় ৬৫ একর জমি বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করে জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ। পরে ওই জমি কারা কর্তৃপক্ষের নামে বরাদ্দ দেওয়া হয়। তবে পূর্ণাঙ্গ কারা কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজন ৩০০ একর জমি। এ জমি বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হবে।
সূত্র আরো জানায়, ২০৩০ সালের মধ্যে জঙ্গল সলিমপুরের এই কারা কমপ্লেক্সটি চালু করা হবে। আগামী বছর প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি শুরু হতে পারে বলে ধারণা কারা কর্মকর্তাদের।
কারাগার কর্মকর্তারা জানান, জঙ্গল সলিমপুরে তিনটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর মধ্যে একটি চট্টগ্রাম মহানগর আদালতের মামলাগুলোর বন্দিদের জন্য কারাগার। একটি কারাগার হবে শুধু মাদক মামলার আসামিদের জন্য; অন্যটি সংশোধনাগার।
গত ৮ অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামো উন্নয়নসংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সড়ক নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) নেতৃত্বে এ কাজ হচ্ছে।
এ এলাকার বিভিন্ন মৌজায় সরকারি জমি রয়েছে। এসব জমি পাহাড় শ্রেণির হোক বা খাসজমি—সবকিছু সুশাসনের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে কারাগার, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, এসআরবিসহ পুলিশ একাডেমি গড়ে তোলা হবে।
জানা যায়, বর্তমান চট্টগ্রাম নগরীর লালদীঘিতে কেন্দ্রীয় কারাগার ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি বন্দির চাপ সামলাচ্ছে। এছাড়া ১৪০ বছরের পুরোনো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ২,২৪৯ জন হলেও সেখানে বন্দি রয়েছে ছয় হাজারের বেশি। অতিরিক্ত বন্দির চাপে কারাগার ব্যবস্থাপনা কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকাটি দীর্ঘদিন ধরে ছিল চাঁদাবাজি, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্য। পাহাড় কেটে ৯০ দশকের শেষদিকে আলী আক্কাস নামে এক ব্যক্তি ওই এলাকাটিতে বসতি নির্মাণ শুরু করেন। পরবর্তীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হলে এলাকাটির নিয়ন্ত্রণ নেন মশিউর রহমান, ইয়াছিনসহ একডজন সন্ত্রাসী।
স্থানীয়দের অভিযোগ, দেড় লাখের বেশি মানুষ বছরের পর বছর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে জিম্মি জীবন কাটিয়েছেন সেখানে। আইনশৃঙ্খলা বাহিনীকেও একাধিকবার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি ওই এলাকায় অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে গিয়ে খুনের শিকার হন বিলুপ্ত র্যাবের উপসহকারী পরিচালক আব্দুল মোতালেব। আলোচিত ওই হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
গত ৯ মার্চ চার হাজার সদস্য নিয়ে জঙ্গল সলিমপুর ও আলীনগরে বড় ধরনের অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ মে রাতে সেখানে থাকা র্যাব ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। এমনকি রাস্তা কেটে প্রতিবন্ধকতা তৈরি করে তারা। এবার সেই এলাকায় অবকাঠামো নির্মাণে এগিয়ে যাচ্ছে কারা অধিদপ্তর।
কারা কর্তৃপক্ষের ডিআইজি (প্রিজন) ছগির মিয়া বলেন, গত বৃহস্পতিবার আমরা সেখানে পরিদর্শন করেছিলাম। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর সার্বিক বিষয় যাচাই-বাচাই করেন। তিনি সেখানকার সঙ্গে নগরীর যোগাযোগ, নিরাপত্তা, পারিপার্শ্বিক অবস্থা ঘুরে দেখেন। বিশেষ করে সড়কগুলো কোনদিকে যাবে, নতুন কী কী সড়ক করতে হবে—সেসব বিষয়ে আলোচনা করেন। পুরো ম্যাপটি তিনি সরেজমিনে দেখেছেন কোন পয়েন্টে কী হবে।
তিনি আরো বলেন, ৬৫ একর জমি কারা অধিদপ্তরের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আধুনিক কারা কমপ্লেক্সটি পূর্ণাঙ্গ করতে ৩০০ একর জমি প্রয়োজন হবে। সে পরিমাণ জমি আমরা মন্ত্রণালয়ের কাছে চাইব। আশা করছি ২০৩০ সালের মধ্যে এটি সম্পন্ন হবে।
তিনি জানান, জঙ্গল সলিমপুরের কারাগারে বন্দিদের জন্য সীমিত শিক্ষা, খেলাধুলা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ রাখা হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে মুক্তির পর সমাজে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই হবে মূল লক্ষ্য। তবে কারাগার নির্মাণের সময় সেখানকার পরিবেশ, বিশেষ করে পাহাড়কে রক্ষা করে করা হবে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

