আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ, আহত ৩

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ, আহত ৩
ছবি: আমার দেশ

গাজীপুরের টঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় ঘটেছে। এতে আহত হয়েছেন ব্যবসায়ী শাহাদাত হোসেন (২৭), ফিরোজ মিয়া (২৬) ও দোকান কর্মচারী রোহান (২১)। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে টঙ্গী পাগাড় ঝিনু মার্কেট এলাকায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, গত শনিবার পাগাড় ঝিনু মার্কেট এলাকার রিয়া স্টুডিওর মালিক আব্দুল মালেকের ওপর হামলা চালায় এলাকার সন্ত্রাসী জসিম ওরফে চোর জসিম, রবিউল, নয়ন ইসলাম রাজ ও জীবনসহ একদল দুর্বৃত্ত। পরে রোববার বিকেলে ফের ওই এলাকায় লিটন এন্টারপ্রাইজে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট শুরু করে দুর্বৃত্তরা।

এসময় ব্যবসায়ী শাহাদাতসহ অন্যরা বাধা দিলে দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে। বিভিন্ন দোকান থেকে সন্ত্রাসীরা প্রায় ৭ লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইলফোন লুটে নেয়। এ ঘটনার পর বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা ।

এ বিষয়ে হামলাকারী জসিমের সঙ্গে যোগাযোগ করলে তার নেতৃত্বে হামলার ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...