আজ ১৫ নভেম্বর। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর গভীর ক্ষত ও বিভীষিকাময় স্মৃতি আজও ভুলতে পারেননি পটুয়াখালীর মির্জাগঞ্জবাসী। ভয়াবহ সেই ঝড় ও জলোচ্ছ্বাসে অসংখ্য মানুষ হারিয়েছিলেন প্রিয়জন, বসতভিটা ও জীবিকার অবলম্বন। সেই বেদনা আজও বয়ে বেড়াচ্ছেন তাঁরা। সিডরে নিহত ৯৬ জনের লাশ দাফন করা হয়েছিল চরখালি গ্রামের খানবাড়ির পুকুরপাড়ে। সেই গণকবরটিও এখন অরক্ষিত। নিহতদের স্বজনেরা গণকবরটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য জোর দাবি জানিয়েছেন।
২০০৭ সালের ১৫ নভেম্বর, বৃহস্পতিবার। সারাদিন বৃষ্টির পর রাত ১২টার দিকে শুরু হয় বাতাসের তীব্রতা। রাত ২টার দিকে শুরু হয় ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহ তাণ্ডব। নদীর জোয়ার ও প্রলয়ঙ্করী বাতাসে কয়েক হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। প্রাণ হারান শতাধিক মানুষ। সেদিন পায়রা নদীর পানির প্রবল স্রোত মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যায় সবকিছু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী, সিডরের আঘাতে মির্জাগঞ্জ উপজেলায় প্রাণ হারান ১১৫ জন। এ ছাড়া ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং আরও ১৪ হাজার ৫০০ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তাণ্ডব ও লোনাপানির জলোচ্ছ্বাসে ১১ হাজার ৯৯০ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়। ৭ হাজার ৯৮৭টি পুকুরের প্রায় কোটি টাকার মাছ ভেসে যায়।
এ দুর্যোগে উপজেলার ২ হাজার ৫০০ গবাদিপশু এবং ১ লাখ ৩০ হাজার হাঁস-মুরগি মারা যায়। প্রবল বাতাসে মির্জাগঞ্জের ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২৪০টি মসজিদ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এ ছাড়া ৩৪ কিলোমিটার পাকা সড়ক, ১৫৬ কিলোমিটার কাঁচা সড়ক এবং ৩৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়।
সিডরের জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপজেলার চরখালি এলাকা। সেখানে পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাঁধের অনেক অংশ এখনো টেকসইভাবে সংস্কার না হওয়ায় নদীভাঙন ও প্লাবনের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
চরখালি গ্রামের মা-বাবা হারানো নিপা আক্তার সিডরের বিভীষিকাময় রাতের স্মৃতিচারণা করে বলেন, সিডরের সময় তিনি চতুর্থ শ্রেণিতে পড়তেন। বেড়িবাঁধ ভেঙে রাতে তাঁদের ঘরে পানি প্রবেশ করলে বাবা-মা তাঁদের ঘরের মাচায় রেখে আসেন। গভীর রাতে পানির চাপে তাঁদের ঘরবাড়ি ভেঙে যায়। বাড়ির ছোট-বড় ১৭ জন মিলে একটি গাছের ডাল ধরে বসে থাকেন। পরদিন সকালে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। তখন মা-বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই দিন পর একটি ধানখেতে তাঁদের লাশ পাওয়া যায়।
এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান হোসেন বলেন, ২০০৭ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে মির্জাগঞ্জে পায়রা নদীর বেড়িবাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে বেড়িবাঁধের ভাঙা অংশ মেরামত করা হয়েছে। তবে পায়রা নদীর স্থায়ী ভাঙন রোধে ২০২৭ সালে একটি সমীক্ষা প্রতিবেদন পাওয়া যাবে। এরপর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বাস্তবায়নের জন্য বাজেট বরাদ্দ পাওয়া গেলে সিসি ব্লক স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা যাবে।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, সিডরে নিহতদের গণকবর রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

