আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাবনায় গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনায় গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় যৌতুকের জন্য গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার সদর উপজেলার দাপুনিয়া আক্তারের ঢালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আনারুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইদুল রহমান, নিহত সাদিয়ার বাবা সোহেল মোল্লা, মা ডলি বেগম, জোসনা খাতুন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, সাদিয়াকে হত্যার পর থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত সাব্বির প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সদর উপজেলার টিকোরি গ্রামের প্রবাসী সোহেল মোল্লার মেয়ে সাদিয়া খাতুনের চার বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী কাজীপাড়া গ্রামের সালাম প্রামাণিকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। বিয়ের পর দীর্ঘদিন যাবৎ যৌতুকের টাকা দাবি করে সাদিয়াকে নির্যাতন করতো সাব্বির।

যৌতুক দিতে রাজি না হওয়ায় গত ২৬ জুন রাতে তাকে মারধর করে সাব্বির। একপর্যায়ে সাদিয়ার মৃত্যু হয়। সাব্বির একটি নাটক সাজিয়ে সাদিয়াকে হাসপাতালে নিয়ে যায় এবং তাকে সেখানে ফেলে পালিয়ে যায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সাব্বির ও তার পরিবারের লোকজন।

এ ঘটনায় নিহত সাদিয়ার মা ডলি খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। গত ৫ জুলাই দায়েরকৃত মামলায় সাদিয়ার স্বামী সাব্বির, তার বাবা-মা ও দুই ভাইকে আসামি করা হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, পুলিশ আসামি ধরছে না এই অভিযোগ সত্য নয়। আসামি গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে একটি টিম গঠন করা হয়েছে। তারা গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন