আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ কারো গোলাম হবে না: মেজর হাফিজ

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)

বাংলাদেশ কারো গোলাম হবে না: মেজর হাফিজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে, কারো গোলাম হবেনা।

সোমবার লালমোহন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি শেষ সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দীর্ঘ দেড়যুগ পরে এই মাঠে আপনাদের সামনে হাজির হয়েছি। বিগত দেরযুগ দুটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। ২০১০ সালে উপনির্বাচনে এক সন্ত্রাসীকে আমার সাথে ভোট করতে পাঠিয়েছে শেখ হাসিনা। কারণ সে দেখেছে ভোটে আমাকে হারাতে পারবেনা। সেই সন্ত্রাসী আমার এজেন্টদের কুপিয়ে জখম করে আমাকে হারিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০১৮ সালে আমাকে বাসা থেকে বেড়োতে দেয়নি। আওয়ামী লীগের অপশাসনে আল্লাহর গজব নাজিল হয়েছে তাদের উপর। ফলে শেখ হাসিনা পালিয়ে গেছে। একসময় আমাদের জোটে ছিলো জামায়াতে ইসলামী। তারা আজ আলাদা জোট করে ক্ষমতায় যেতে চায় কিন্তু তাদের কোনো অভিজ্ঞতা নেই। অনভিজ্ঞ লোকদের ক্ষমতায় বসালে তারা দেশ চালাতে পারবে না।

উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মেজর হাফিজ। এসময় উপজেলা, পৌরসভা, ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা ও হাজার হাজার নারী ও পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন