ভোলার বোরহানউদ্দিনের একমাত্র অডিটোরিয়াম সংস্কার না করায় ও রক্ষণাবেক্ষণের অভাবে ও বেহাল দশায় পরিণত হয়েছে। যেকোনো সময় ধসে পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, একসময় সভা-সমাবেশ, বিনোদন-সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বোরহানউদ্দিন অডিটোরিয়াম ভবন। নির্মাণের পর আর কোনো সংস্কার না হওয়ায় সময়ের ব্যবধানে অব্যবস্থাপনা, সুষ্ঠু তদারকির অভাবে বর্তমানে জরাজীর্ণ হয়ে ভুতুড়ে ঘরে পরিণত হয়েছে এ অডিটোরিয়াম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোলার বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রবেশমুখেই রয়েছে বোরহানউদ্দিন অডিটোরিয়াম ভবন। এটি ২০০৯-১০ অর্থবছরে ভোলা জেলা পরিষদের আওতায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। একই বছর ২২ জুন অত্যাধুনিক মূল্যবান সামগ্রী নিয়ে পূর্ণাঙ্গ অডিটোরিয়াম হিসেবে উদ্বোধন করা হয়। ২০১৮ সালের আগে ৬০০ আসনের এই অডিটোরিয়ামটি মুখর ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ডে। নিয়মিত চলত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও সংস্থার সভা, সেমিনার। শুরুর কয়েক বছর অডিটোরিয়ামটির সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলেও পরবর্তী সময়ে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। চোখের সামনে সংস্কৃতির এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নষ্ট হয়ে যাওয়াতে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ, সাংস্কৃতিক কর্মীরা ও সরকারি কলেজের ছাত্রছাত্রীরা। জানালা-দরজাসহ অন্যসব সরঞ্জামগুলো নষ্ট হয়ে গেছে। সাংস্কৃতিক কর্মী রাজীব রতন দে বলেন, এ অডিটোরিয়াম চালু থাকলে সাংস্কৃতিক অঙ্গন অনেক চাঙ্গা থাকত। জরাজীর্ণ এ অডিটোরিয়াম কর্তৃপক্ষের পূর্ণ সংস্কারে প্রাণোচ্ছল হয়ে ফিরে আসবে।
এ বিষয়ে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ আনোয়ার উল ইসলাম আমার দেশকে বলেন, এটা সংস্কার করা বিপুল অর্থের প্রয়োজন। কলেজ কর্তৃপক্ষের পক্ষে এত অর্থ জোগান দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, অডিটোরিয়ামটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করে ছিলাম। একই সঙ্গে ভোলা-২ আসনের এমপির সঙ্গেও আলোচনা করেছি।
এ বিষয়ে বোরহানউদ্দিন নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ অডিটোরিয়াম সংস্কারের জন্য জেলায় আবেদন পাঠিয়েছি। জেলা থেকে আমাদেরকে জানিয়েছে, মন্ত্রণালয় থেকে এখনো বরাদ্দ আসেনি। বরাদ্দ আসলে টেন্ডার দিয়ে কাজ শুরু করব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

