অপরিকল্পিত ময়লার ভাগাড়, দূষণের কবলে সুগন্ধা নদী

মোহাম্মদ মোহসীন, নলছিটি (ঝালকাঠি)

অপরিকল্পিত ময়লার ভাগাড়, দূষণের কবলে সুগন্ধা নদী

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতীরবর্তী পুরাতন স্টিমারঘাট এলাকা বিশাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌরসভার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে প্রতিদিন শহরের গৃহস্থালি, বাজার ও অন্যান্য আবর্জনা উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে। বৃষ্টি বা জোয়ারের পানিতে এসব ময়লা সরাসরি নদীতে ছড়িয়ে পড়ছে, যা পানি ও বায়ুকে মারাত্মকভাবে দূষিত করছে। একসময়ের স্বচ্ছ ও প্রাণবন্ত সুগন্ধা নদী এখন দুর্গন্ধময় ও ময়লায় ভরে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র দুর্গন্ধে নাকাল হয়ে পড়েছেন তারা। নদীর পানি ব্যবহারের উপযোগী নেই। মাছ ধরা, গোসল বা গৃহস্থালির কাজে এ পানি ব্যবহার করতে গিয়ে চর্মরোগ, পেটের সমস্যা ও শ্বাসকষ্টের মতো স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে নদীতীরবর্তী এলাকার মানুষ।

বিজ্ঞাপন

পরিবেশবিদেরা বলছেন, এ ধরনের অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে নদীর জলজ প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। দীর্ঘ মেয়াদে এটি পুরো এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট করবে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

স্থানীয় প্রশাসন ও পৌরসভার কাছে দাবি উঠেছে— দ্রুত একটি আধুনিক ও পরিকল্পিত ডাম্পিং স্টেশন নির্মাণ, নিয়মিত বর্জ্য সংগ্রহের ব্যবস্থা এবং নদীতীর সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। সচেতন নাগরিকদেরও ময়লা যত্রতত্র না ফেলে সঠিক স্থানে ফেলার আহ্বান জানানো হয়েছে।

নলছিটি পৌরসভার প্রধান সহকারী মিরাজ হাসান ও ভারপ্রাপ্ত কনজারভেন্সি ইন্সপেক্টর শহীদুল ইসলাম জানান, ডাম্পিং স্টেশন জরুরি প্রয়োজন। তিন মাস আগে জেলা প্রশাসক এবং সিটিসিআরপিকে জানানো হলে তারা পৌরসভার কাছে ১০০ শতাংশ জায়গা বরাদ্দ চান। কিন্তু নলছিটি পৌরসভা এখন পর্যন্ত কোনো জায়গা নির্ধারণ করতে পারেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...