আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির অফিস ভাঙচুর মামলায় বরিশালে আ.লীগ নেতার জামিন

বরিশাল অফিস

বিএনপির অফিস ভাঙচুর মামলায় বরিশালে আ.লীগ নেতার জামিন

বরিশাল জেলা ও মহানগর বিএনপির অফিসে ভাঙচুর এবং নেতাকর্মীদের মারধর করার মামলায় জামিন পেয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ। সোমবার দুপুরে তার জামিন মঞ্জুর করেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাফাতউল্লাহ।

বিজ্ঞাপন

এর আগে বরিশাল আদালত থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দীন ও যুবলীগ নেতা মাহামুদুল হাসান খান মামুনসহ একাধিক আওয়ামী লীগ নেতা। তবে কোনো প্রকার অনুশোচনা ছাড়াই একের পর এক আওয়ামী লীগ নেতার জামিনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির নেতারা।

আদালত সূত্র জানান, ২০১৭ সালের ৫ জানুয়ারী আওয়ামী লীগের শাসনামলে অবৈধ নির্বাচন বাতিলের আন্দোলনের সময় সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালান তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই সময় বিএনপি নেতা সরোয়ার হোসেনের হাত ভাঙাসহ বহু নেতাকর্মী গুরুতর আহত হন। ’২৪-এর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই ঘটনায় বরিশাল অতিরিক্ত চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়।

বিএনপি নেতা সরোয়ার আলম বাদী হয়ে সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করে ২১৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। পলাতক রয়েছেন অধিকাংশ আসামি। ওই মামলায় সোমবার সকালে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন মামলার ৩ নম্বর আসামি তালুকদার মো. ইউনুছ। মামলায় বাকি আসামিরা আদালত চত্বরে উপস্থিত থাকলেও তাদের কাউকে আইনের আওতায় আনা হয়নি।

এ বিষয়ে বিস্ময় ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চিফ মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহম্মেদ বাবলু।

তিনি আমার দেশকে বলেন, দীর্ঘ ১৭ বছর যারা খুন, গুম, হত্যাকাণ্ডে ও হামলা-মামলার সঙ্গে জড়িত ছিলেন, আদালত কোনো প্রকার অনুশোচনা ছাড়াই এসব ফ্যাসিস্টকে জামিন দিয়ে দিচ্ছে। এমন ঘটনায় আমরা নির্বাক। ১৭ বছর হামলা মামলা ও গুমের শিকার হওয়া পরিবারগুলোকে আমরা কী জবাব দেব? একটি গুরুত্বপূর্ণ মামলায় কীভাবে তিনি জামিন পেয়েছেন, বিষয়টি দেখা উচিত। তার নামে আরো রাজনৈতিক বেশ কয়েকটি মামলা রয়েছে। সেগুলো চলমান থাকলেও আদালতের অন্য মামলায় তাকে আটক দেখায়নি।

এ বিষয়ে তালুকদার মো. ইউনুছের আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুম হোসেন বলেন, একটি মারামারির মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউ্নুছের জামিন হয়েছে। আসামির অসুস্থতা ও মামলার গুরুত্ব দেখেই বিচারের আগপর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন